অযৌক্তিকভাবে দেশের বাইরে বিজ্ঞাপনের শ্যুটিং হচ্ছে!

বিজ্ঞাপন শিল্পে একশ্রেণীর নির্মাতা কারণে অকারণে ভারত ও অন্যান্য দেশে শ্যুটিংসহ এডিটিং ও পোস্ট প্রডাকশনের কাজ করছেন। এ নিয়ে অনেক নির্মাতা বিরূপ মন্তব্য করেছেন। বিজ্ঞাপন নির্মাতা আনজাম মাসুদ ইত্তেফাককে জানান, ‘মূলত কোন কোয়ালিটির জন্য নয়, শুধু ক্লায়েন্টদের কাছ থেকে বেশি অর্থ নেবার জন্যই কিছুসংখ্যক নির্মাতা অনর্থক দেশের বাইরে গিয়ে শ্যুটিংসহ বিদেশি মডেল ব্যবহার করেন। এটা যেমন আমাদের দেশের একটি বড় অংশের আর্থিক ক্ষতি, তেমনি ক্ষতি ইমেজের। নির্মাতা কিসলু আহমেদ বলেন, এটা আমাদের জন্য লজ্জার। আমাদের দেশের মডেলরা বিশ্বসেরা। এরপরও তাদেরকে ব্যবহার না করে শ্যুটিং, জিঙ্গেলসহ যাবতীয় কাজ করা হচ্ছে মূলত শুভংকরের ফাঁকি দেবার জন্য। কারণ বিদেশে শ্যুটিং করলেই তাতে প্রতিষ্ঠান থেকে চড়ামূল্যে বাজেট দেয়া যায়। কিন্তু এই কিছু অর্থ বেশি কামানোর জন্য আমরা পুরো দেশের ইমেজকে বিক্রি করে দিচ্ছি। আজ একটি দেশীয় প্রডাক্টের বিজ্ঞাপনে হয়তো ভারতীয় মডেল বলছেন তিনি নিজেও ব্যবহার করেন। এতে প্রডাক্টের ওপর বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায়। উল্লেখ্য, এদেশে রেকর্ড জনপ্রিয় হয়েছি তিন্নি অভিনীত একাধিক বিজ্ঞাপন। বিদেশে বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে তিন্নি বলেন, আমি এর কোন যৌক্তিকতাই খুঁজে পাই না।