বাহরাইনে অগ্নিকাণ্ড
নিহত বাংলাদেশি শ্রমিকদের লাশ আসছে কাল
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৫
বাহরাইনের মানামায় অগ্নিকাণ্ডে নিহত ১৩ বাংলাদেশি শ্রমিকের লাশ আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ বাহরাইনের স্থানীয় সময় দিবাগত রাতে এমিরেটস-এর দুটি ফ্লাইট মরদেহগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হবে। ফ্লাইট দুটি ঢাকায় পৌঁছবে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে।
গত ১০ জানুয়ারি বাহরাইনের মানামায় শ্রমিকদের একটি ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে উক্ত বাংলাদেশি শ্রমিকরা নিহত হন। তাদের মধ্যে রয়েছেন, চট্টগ্রামের বোয়ালখালী থানার চরখিজিরপুর গ্রামের সগীর আহমেদের ছেলে নজির আহমেদ, পটিয়ার বাটুয়া গ্রামের হাজী রশিদ আহমেদের ছেলে মাহবুব আলম, একই থানার মারিপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে জামাল, নোয়াখালীর সোনাইমুড়ি থানার কাশিপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র ওসমান গণি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গুড়ি গ্রামের আবুল বাসারের ছেলে মো. আনোয়ার, কাঠালিয়া গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে স্বপন এবং সবুজ, গোয়ালি গ্রামের নাসির মিয়ার ছেলে জসিম, চাঁদপুরের কচুয়ার নোয়াপাড়া গ্রামের আলমের ছেলে টিটু মিয়া এবং শাহাদাত।