জাবিতে সুশাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ আয়োজিত ‘সুশাসন ও উন্নয়ন: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক কর্মশালায় গতকাল শনিবার সমাজ বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়েছে। ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সুশাসন ও উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। সুষম বন্টন সামাজিক উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে পারে। অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় অধ্যাপক মোহাম্মদ সোলায়মান বলেন, সুশাসনের জন্য সামাজিক বৈষম্য দূর করতে হবে। অধ্যাপক এম সলিমউল্লাহ খান বলেন, আমাদের রাজনীতিবিদদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহনশীল মনোভাব অনুপস্থিত থাকায় সুশাসনের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। কর্মশালায় অধ্যাপক নাসিম আখতার হোসাইনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি ড. কে এম মহিউদ্দিন। কর্মশালায় সুশাসন ও রাজনীতি বিষয়ে অধ্যাপক আল মাসুদ হাসানউজ্জামান, সুশাসন ও অর্থনীতি বিষয়ে অধ্যাপক আনু মোহাম্মদ, সুশাসন ও আইনী ব্যবস্থা বিষয়ে ড. মুহাম্মদ শাহাবুদ্দিন, সুশাসন ও নৈতিকতা বিষয়ে এ এস এম আনোয়ারুল্লাহ ভুঁইয়া বক্তব্য উপস্থাপন করেন।