দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও অসত্ ব্যবসায়ীরা দেশটা ধ্বংস করেছে : ড. কামাল
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২১:২৬
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদ ও অসত্ ব্যবসায়ীরা দেশটাকে ধ্বংস করেছে। সব ভাওতাবাজির রাজনীতি। এভাবে গণতন্ত্র টিকতে পারে না। পশ্চিমারা বলে বাংলাদেশে উন্নয়নের দশক চলছে। আমরা বলি ধ্বংসের দশক চলছে। বিকল্পধারা প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ সরকার জনগণের জন্য একটি দায়িত্বও পালন করেনি। তাই তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। গত শনিবার রাজধানীর সোনারগাঁও রোডে হামদর্দ ভবন মিলনায়তনে অনুষ্ঠিত ‘বাংলাদেশ পল্লী চিকিত্সক সমিতি’র জেলা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, উন্নয়নের কথা বললে সরকার বলে টাকা নাই। টাকা না থাকলে হলমার্ক কেলেঙ্কারি কেন হল? হাজার হাজার কোটি টাকা কেন লুট হল। দেশ জনগণের, এখানে রাজতন্ত্র চলবে না।
সরকারিভাবে পল্লী চিকিত্সকদের প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়ে অধ্যাপক বি. চৌধুরী বলেন, এটা করা হলে প্রতিটি গ্রামে একজন করে চিকিত্সক থাকবেন।