অস্ট্রেলিয়া-শ্রীলংকা

বৃষ্টিতে পরিত্যক্ত চতুর্থ ওয়ানডে

দারুণ এক রেকর্ডকে সামনে রেখে গতকাল সিডনিতে খেলতে নেমেছিল শ্রীলঙ্কা। এ ম্যাচটা জিততে পারলে সিরিজ জয়ের পাশাপাশি তারা হয়ে যেত অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে দুবার হারানো প্রথম দল। তবে রেকর্ডের জন্য আরেকটু অপেক্ষা করতে হচ্ছে সফরকারীদের। সিডনিতে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচ বৃষ্টিতে ভিজে যাওয়ায় শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে লংকানদের। তবে নিশ্চিত হয়েছে যে, এ বছর নিজেদের প্রথম ওয়ানডে সিরিজে হারছেও না লঙ্কানরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া মাইকেল ক্লার্কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে একদমই সময় নেননি আগের ম্যাচের সফলতম বোলার নুয়ান কুলাসেকারা। মাত্র চার রানেই প্রথম উইকেটের পতনের পরে দ্বিতীয় উইকেটে ক্লার্ককে সঙ্গে নিয়ে ওয়ার্নার আপাতত পরিস্থিতি সামাল দিলেও ব্যক্তিগত ২২ রানে ক্লার্ক ফিরে গেলে ভাঙ্গে এ জুটি। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট পতন হতে থাকলে এক পর্যায়ে মনে হচ্ছিল গত দু’ম্যাচের মত এদিনও দু’শর নিচেই তাদের আটকে দিচ্ছে লঙ্কানরা। শেষ পর্যন্ত নবম ব্যাটসম্যান মিচেল স্টার্কের ৫২ রানের ইনিংসে লড়ার মতো পুঁজি পায় অজিরা। শ্রীলঙ্কার পক্ষে কুলাসেকারা ৩০ রানের বিনিময়ে নেন তিন উইকেট। জবাবে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি শুরু হলে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে খেলা। পরে লঙ্কানরা তিন ওভার খেলার পরেই আবার বৃষ্টি শুরু হলে আর বল গড়ায়নি মাঠে। ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। সিরিজের পরের ম্যাচ আগামী শুক্রবার হোবার্টে অনুষ্ঠিত হবে।