অবশেষে কমছে বিপিএলের টিকিটের দাম

উদ্বোধনী অনুষ্ঠানে আট হাজার দর্শক হলেও গত তিনদিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলাগুলোর কোনোটিতেই দর্শকের সংখ্যা তিন হাজার ছাড়াবে না। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিল দাবি করছে উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ হাজার এবং প্রতিদিন প্রায় ছয় থেকে সাত হাজার দর্শক মাঠে উপস্থিত হয়েছেন। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন টিকিটের চড়া মূল্যের কারণে দর্শকরা মাঠমুখী হচ্ছে না। কিন্তু মাঠ খালি থাকা সত্ত্বেও বিপিএল কর্তৃপক্ষ কিংবা টুর্নামেন্টটির স্বত্ব কিনে নেয়া ‘গেম অন স্পোর্টস’ টিকিটের দাম কমানোর কোন উদ্যোগ ছিল না। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে টিকিটের দাম কমতে যাচ্ছে। সাধারণ গ্যালারির মূল্য ৩৫০ টাকা থেকে কমিয়ে ২৫০ টাকার প্রস্তাব করা হয়েছে। তবে কবে থেকে কার্যকর করা হবে তা বলতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিলর। গতকাল রবিবার গেম অন স্পোর্টসের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পি বলেন, ‘আমরাও টিকিটের দাম কমানোর পক্ষে। কিন্তু আমাদের সাথে আলোচনা না করে টিকিটের দাম বাড়ানো হয়েছে। আমরাও চাই মাঠে দর্শক আসুক। বিসিবি সভাপতির সাথে আমাদের কথা হয়েছে। টিকিটের দাম ২৫০ করার পরিকল্পনা করছি’। বোর্ড সভাপতি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য একটি গ্যালারি ফ্রি করার ঘোষণা দিয়েছেন। দিনের প্রথম ম্যাচের জন্য গ্যালারির একাংশে বসে স্কুলের ছাত্র-ছাত্রীরা বিনা পয়সায় খেলা দেখতে পারবে। কাল বোর্ড সভাপতিও আক্ষেপ করে বলেছেন, ‘টিকিটের মূল্য নিয়ে আমরা কথা বলেছি। টিকিটের দাম কমানোর জন্য বলা হয়েছে’। ২০ কোটি টাকা দিয়ে অ্যাকটিভ সার্ভিসেস বিপিএলের টিকিট স্বত্ব পায়। গেম অনের সাথে আলোচনা করেই অ্যাকটিভ সার্ভিসেস টিকিটের মূল্য নির্ধারণ করে। সর্বনিম্ন ৩৫০ থেকে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে জানা গেছে, স্টেডিয়ামের মোট আসন প্রায় ২৬ হাজার, এর মধ্যে শতকরা ২০ ভাগ টিকিট বিনামূল্যে পাচ্ছে বিসিবি। তাই নিজেদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে টিকিটের মূল্য বাড়িয়েছে অ্যাকটিভ সার্ভিসেস।