মেহেন্দীগঞ্জে পুলিশের এএসআইকে আটক করে প্রহার, অস্ত্র ছিনতাই
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৩, ২২:০৩
মেহেন্দিগঞ্জ উপজেলায় পুলিশের এএসআইকে পিটিয়ে তার অস্ত্র ছিনিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গতকাল রবিবার উপজেলার বিদ্যানন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব পালোয়ান জমি দখল করতে গেলে পুলিশের বাধার মুখে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা মেহেন্দিগঞ্জ থানার এএসআই রাসেলকে বেধড়ক মারধর করে একটি ঘরে আটকে রাখেন। ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী মুলাদী থানায় আশ্রয় নেয়। খবর পেয়ে মুলাদী ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এএসআই রাসেলকে উদ্ধার করে। পুলিশের উপর হামলার অভিযোগে সোহরাব পালোয়ান ও সমীর পালোয়ানকে গ্রেফতার করে। বিদ্যানন্দনপুর ইউনিয়নের বানঘাট এলাকার বাসিন্দা সেকেন্দার ও ইদ্রিস মল্লিকের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন পালোয়ান, সমীর পালোয়ান, আলমগীর মীরা, বাবুল বেপারী ও সজল মাতব্বরের জমি নিয়ে বিরোধ চলছিলো। মালিকানা দাবিদার সেকেন্দার ও ইদ্রিস তাদের জমিতে জোরপূর্বক ঘর তোলার বিষয়টি কাজীরহাট পুলিশকে লিখিতভাবে জানায়। দু’-পক্ষের সংঘর্ষের আশংকায় দুপুরে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন এএসআই রাসেল। তিনি বিরোধ মীমাংসা করে ঘর তোলার পরামর্শ দেন। এক পর্যায়ে সোহরাব পালোয়ানের নেতৃত্বে পুলিশের উপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এএসআই রাসেলকে আটক করে মারধর করে একটি কক্ষের মধ্যে আটকে রাখা হয়। খবর পেয়ে মুলাদী থানা পুলিশ ও মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ২টি টিম ঘটনাস্থলে পৌঁছে আটককৃত এএসআই রাসেলকে উদ্ধার করে। পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহরাব পালোয়ান ও কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সমীর পালোয়ানকে। মুলাদী থানার ওসি শাহ্ আলম জানান, পুলিশ সুপারের নির্দেশে এএসআই রাসেলসহ পুলিশ সদস্যদের উদ্ধার করা হয়। দুইজনকে আটক করা হয়েছে। ছিনিয়ে নেয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ জানান, হামলার খবর পেয়ে মেহেন্দীগঞ্জ পুলিশ পৌঁছানোর আগেই মুলাদী থানার পুলিশ তাদের উদ্ধার করে। মুলাদী থানা থেকে ঘটনাস্থল কাছাকাছি হওয়ায় মুলাদী থানা পুলিশ তাদের আগে পৌঁছেছে।