পেট্রোল পাম্প ট্যাঙ্কলরি কর্মবিরতিতে উদ্বিগ্ন বিজিএমইএ

পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক উত্পাদক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ মনে করে, এর ফলে পোশাক শিল্পের রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। গতকাল রবিবার এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় গুরুত্বপূর্ণ সংগঠনটি। জ্বালানি তেলের দাম বৃদ্ধিসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রবিবার থেকে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। বিজিএমইএ’র বিবৃতিতে বলা হয়, ধর্মঘটের কারণে পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকায় পোশাক শিল্প কারখানাগুলো ঢাকা ও চট্রগ্রাম মহাসড়কপথে মালামাল আনা-নেয়া, লোডিং-আনলোডিং-এর মতো জরুরি কাজ করতে পারছে না। আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর ফলে বিমানপথে পণ্য পরিবহন করতে হচ্ছে। আবার দেরি হওয়ার কারণে ক্রেতার ইচ্ছা অনুযায়ী ডিসকাউন্ট বা অর্ডার বাতিল করার মত পরিস্থিতিও সৃষ্টি হয়। এ পরিস্থিতি অব্যাহত থাকলে উদ্যোক্তারা হতোদ্যম হয়ে পড়বেন। দেশের যোগাযোগ ব্যবস্থা প্রধানত শহর পরিবহনকেন্দ্রিক হওয়ায় পেট্রোল পাম্প বন্ধ থাকলে অর্থনীতি ও জনজীবনে নিশ্চিতভাবেই এর নেতিবাচক প্রভাব পড়বে। এ পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি ও জনস্বার্থে সংশ্লিষ্ট সব মহলকে দায়িত্বশীল ভূমিকার অংশ হিসেবে পেট্রোল পাম্পগুলোতে স্বাভাবিক কর্মাবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়েছে।