মেজর (অব.) জিয়াউদ্দিনের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও দুবলা ফিসারমেন গ্রুপের চেয়ারম্যান মেজর (অব:) জিয়াউদ্দিন আহমেদের উপর বনদস্যুদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সুন্দরবনের রাসমেলা উদযাপন কমিটি। কমিটির সোনাডাঙ্গাস্থ কার্যালয়ে গতকাল রবিবার অনুষ্ঠিত এক জরুরি সভায় এ নিন্দা জানানো হয়। সুভাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রদীপ বসু সন্তু, স্বপন কুমার সরকার, দীনবন্ধু মিত্র, এসকে রায়, নজরুল ইসলাম লাল, বিকাশ মন্ডল, চিত্তরঞ্জন বিশ্বাস, ডা. তাপস মন্ডল প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, মেজর (অব:) জিয়াউদ্দিনের মত একজন সাহসী বীর মুক্তিযোদ্ধার উপর যখন এ ধরনের সশস্ত্র নগ্ন হামলা হতে পারে, সেখানে বনের সাধারণ জেলে-বাওয়ালীদের অবস্থা কি হতে পারে তা সহজেই বোঝা যায়। তারা অবিলম্বে হামলাকারী বনদস্যুদের গ্রেফতারে যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান পরিচালনার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যদিকে তফাজ্জল হোসেন পাঠাগার ও সমাজ কল্যাণ ফাউন্ডেশন অপর এক বিবৃতিতে মেজর (অব:) জিয়াউদ্দিনের উপর সশস্ত্র হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।