ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল রিয়াল

দ্বিতীয়ার্ধেও রিয়াল মাদ্রিদ প্রথমার্ধের ফর্ম ধরে রাখলে কী হত বলা মুশকিল। তবে গণিত বলে, ১০ গোলে জেতার কথা ছিল রিয়ালের। কারণ ম্যাচের ৪৫ মিনিটের মধ্যেই লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৫-০ গোলে এগিয়ে গিয়েছিল। ভাগ্য ভালো রবিবার লা লিগার ম্যাচে শেষ পর্যন্ত ওই ব্যবধানে হেরেই মাঠ ছাড়তে পেরেছে ভ্যালেন্সিয়া। ক্রিস্টিয়ানো রোনালদো এবং অ্যাঙ্গেল ডি মারিয়া দুইজনই জোড়া গোল করেছেন। ম্যাচের উদ্বোধনী গোলটি করেন আর্জেন্টিনার গঞ্জালো হিগুয়েন। লা লিগার পয়েন্ট টেবিলে ২০ ম্যাচ শেষে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদ ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। আর রিয়াল মাদ্রিদ রয়েছে তিনে ৪০ পয়েন্ট নিয়ে। বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদের দূরত্ব এখনও ১৫ পয়েন্ট। গত শনিবার ক্যাটালনরা ৩-২ গোলে রিয়াল সোসিদাদের বিপক্ষে হেরে যায়। চলতি মৌসুমে লিগে বার্সেলোনার প্রথম হার ছিল এটি। বার্সার থেকে আট পয়েন্টে পিছিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। রবিবার অ্যাতলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারায় লেভান্তেকে। এই ম্যাচে রিয়ালের মাদ্রিদের হয়ে মাঠে নামেননি পেপ, সার্জিও র্যামোস এবং মার্সেলো। তারপরও বড় ব্যবধানে জয় পেল মরিনহোর দল। ভ্যালেন্সিয়া লিগের আগের তিন ম্যাচে জয় পেয়েছিল। কিন্তু জয়ের ধারা অব্যাহত থাকলো না তাদের। লিগে রোনালদোর গোলসংখ্যা ১৮টি। যৌথভাবে তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। অ্যাতলেটিকো মাদ্রিদের রাদামেল ফ্যালকাওয়ের সমান ১৮ গোল লিগে। বার্সেলোনার লিওনেল মেসি ২৯ গোল করে গোলদাতাদের শীর্ষে। হিগুয়েইন ম্যাচের নয় মিনিটে দলকে প্রথম গোল এনে দেন। রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা রোনালদো ৩৬ ও ৪১ এবং আর্জেন্টিনার ডি মারিয়া ৩৪ ও ৪৫ মিনিটে ভ্যালেন্সিয়ার জালে বল গুঁজে দেন। ভ্যালেন্সিয়া ভাগ্যকে দোষ দিতে পারে। গোলের সুযোগ তারাও পেয়েছিল কিন্তু কাজে লাগেনি। অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে জয়ের ধারা ধরে রেখেছে। লেভান্তেকে হারিয়ে দিয়েছে তারা ২-০ গোলে। লা লিগায় নিজেদের মাঠে সর্বকালের সেরা রেকর্ডের সমান জয় তারা পেয়েছে। নিজেদের মাঠ ভিসেন্তে ক্যালডেরনে এটা অ্যাতলেটিকোর টানা ১১তম জয়। অ্যাতলেটিকোর হয়ে গোল করেন আদ্রিয়ান লোপেজ ও কোকে। এ ম্যাচে রাদামেল ফ্যালকাও ইনজুরি আক্রান্ত হয়ে মাঠ ছাড়েন। হ্যামস্ট্রিং ইনজুরি বলে আপাতত ধারণা করা হচ্ছে। লা লিগায় রবিবারের ফল ওসাসুনা ২ দেপোর্টিভো ১ রিয়াল ভ্যালাডোলিড ২ জারাগোজা ০ অ্যাতলেটিকো মাদ্রিদ ২ লেভান্তে ০ ভ্যালেন্সিয়া ০ রিয়াল মাদ্রিদ ৫