মেয়াদোত্তীর্ণ আঠা ও পাউডার দিয়ে চলছে বঙ্গবন্ধু সেতুর মেরামত কাজ
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
মেয়াদোত্তীর্ণ আঠা ও পাউডার দিয়ে বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ চালিয়ে যাওয়ায় অভিযোগ পাওয়া গেছে ওই কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এছাড়াও ওই কাজে লোক নিয়োগের জন্য স্থানীয় এক দালালের মাধ্যমে সেখান থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে বিবিএর প্রকৌশলীর বিরুদ্ধে। জানা যায়, ঠিকাদারী প্রতিষ্ঠান কমিউনিকেশন এন্ড কনস্ট্রাকশন কোম্পানি অব চায়না (সিসিসিসি), এমসিসিসি-ইউডিসি-এসইএল ও বিবিএ ফাটল মেরামতের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়টি যাতে প্রকাশ না পায় সেজন্য সেতু এলাকায় সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত রবিবার বঙ্গবন্ধু সেতুর এলাকায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং সেতুর ফাটল মেরামতের ওপর সংবাদ সংগ্রহ করতে গেলে দুই সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে সেতু কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদেশ থেকে আমদানি করা শত-শত ই-প্রক্সি আঠার কন্টেনারের গায়ে মেয়াদোত্তীর্ণ স্টিকারের ওপর আরেকটি স্টিকার লাগানো হয়েছে। এছাড়াও আঠার সাথে যে পাউডার ব্যবহার করা হচ্ছে তারও মেয়াদ নেই। বিবিএর সাইট অফিসের প্রকৌশলীদের ম্যানেজ করে এসব মেয়াদোত্তীর্ণ আঠা ও পাউডার দিয়ে তার সাথে বালু মিশিয়ে মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠানটি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ফাটল মেরামতের জন্য যে ই-প্রক্সি আঠা ব্যবহার করা হচ্ছে তার মেয়াদ গতবছরের ডিসেম্বরের ১৬ তারিখে শেষ হয়ে গেছে। ডাস্ট পাউডারের মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। তিনি বলেন, কাজের জন্য যে উপকরণ লাগবে তা সরবরাহের দায়িত্ব বিবিএর। আমরা শুধু কাজ করবো। এছাড়া বঙ্গবন্ধু সেতুর দায়িত্বে থাকা প্রকৌশলী গোলাম মর্তুজা, খায়রুজ্জামান, আবুল কালাম আজাদ ও সেতু বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার কারণে নির্ধারিত সময়ে কাজ না করায় আঠা ও পাউডারগুলোর মেয়াদ শেষ হয়েছে। সিসিসিসি, এমসিসিসিকে জিম্মি করে রেখেছে তারা। অনেক আগেই কাজ শেষ করতে পারতাম কিন্তু বাধা হচ্ছে বিবিএ। শুধু তাই নয়, কাজকে বিলম্বিত করতে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। জানা যায়, গতবছরের ডিসেম্বরে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ফাটল মেরামতের কাজ পরিদর্শনে এসে জুন মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে বলে সাংবাদিকদের জানান। কিন্তু যোগাযোগমন্ত্রীর বেঁধে দেয়ার সময়সীমার ৬ মাস অতিবাহিত হলেও ফাটল মেরামত কাজ শেষ করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।