সুন্দরগঞ্জে তিন হাজার শিক্ষার্থী বই পায়নি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০০
উপজেলায় জানুয়ারি মাসের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেলেও ৬ষ্ঠ শ্রেণীর প্রায় ৩ হাজার শিক্ষার্থীর হাতে এখনো বিনামূল্যের পাঠ্যবই পৌঁছেনি।
জানা গেছে, ২০১২ সালের পিএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর ৮ হাজার ৮’শ ৮৬ জন এবং এবতেদায়ী মাদ্রাসার ৯’শ ১৩ জন ছাত্র-ছাত্রী উর্ত্তীণ হয়। এসকল ছাত্র-ছাত্রী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যথাসময়ে ৬ষ্ঠ শ্রেণীর জন্য সম্ভাব্য ১০ সহস্রাধিক সেট পাঠ্য বইয়ের চাহিদা প্রেরণ করা হলেও বই পাওয়া যায় ৭ হাজার ১’শ ৮৬ সেট। চাহিদার তুলনায় বই কম পাওয়ায় ১লা জানুয়ারির আগে আনুপাতিক হারে বইগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এতে অনেক ছাত্র-ছাত্রীর হাতে বই তুলে দেয়া সম্ভব হয়নি।
এদিকে বিদ্যালয় ও মাদ্রাসাগুলো বর্তমান চাহিদা অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণী ২ হাজার ৬’শ ৬৯জন শিক্ষার্থীর হাতে এখনো বিনামূল্যের কোন বই পৌঁছেনি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিষ্ঠান প্রধান জানান, ৬ষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছেনি তারা লেখা-পড়ায় অনেকটা পিছিয়ে পড়ছে।
এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকগণ ছেলে-মেয়েদের ভবিষ্যত্ নিয়ে উদ্বিগ্ন-উত্কণ্ঠায় ভুগছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে জানানো হয়েছে।