কাশিয়ানী হাসপাতালে ডাক্তার সংকট
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:০১
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২ বছর পূর্বে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিত্সক সংকট, খাবার সরবরাহে অনিয়মসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। বাড়েনি কোন রকম সেবার মান। ১৫ জন ডাক্তারের স্থলে রয়েছে মাত্র ৪ জন।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়নে ও পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ৩ লক্ষ লোক এ হাসপাতালে সেবা নিতে আসে। সেবা নিতে আসা রোগীদের অভিযোগ ডাক্তার নাই। প্যারাসিটামল ও গ্যাসের ওষুধ ছাড়া অন্য কোন ওষুধ নাই। এ ব্যাপারে রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় দু’জন ডাক্তার আছে। সেবা নিতে আসা রোগী আব্দুর রহিম জানায়, প্যারাসিটামল ও এ্যানটাসিড ট্যাবলেট ছাড়া অন্য কোন ওষুধ সরবরাহ নাই। এ ব্যাপারে হাসপাতালে দায়িত্বরত ডাক্তার তৌহিদ জানান, বর্তমানে হাসপাতালে প্যারাসিটামল ও এ্যানটাসিড ছাড়া কোন ওষুধের সরবরাহ নাই। হাসপাতালের টি.এইচ.এ. ডাঃ রফিকুল হায়দার জানান, হাসপাতাল ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও অবকাঠামোগত কোন পরিবর্তন এখনো হয়নি। ১৫ জন ডাক্তারের স্থলে আমরা মাত্র ৪ জন ডাক্তার ও ২ জন ডাক্তার ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডেপুটেশনে এনে চিকিত্সা সেবা দিয়ে যাচ্ছি। তবে রোগীদের তুলনায় ডাক্তার কম থাকায় সেবার মান কিছুটা ব্যাহত হচ্ছে।