রেফারির সিদ্ধান্তে ক্ষিপ্ত ফার্গুসন
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:২৭
টটেনহামের বিপক্ষে ড্র করায় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ক্ষুব্ধ হতেই পারেন। কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসন নিজের খেলোয়াড়দের প্রতি নয়; ক্ষোভ প্রকাশ করেছেন রেফারিকে উদ্দেশ্য করে। গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে স্বাগতিক টটেনহ্যামের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ইউনাইটেড। তবে তাদের পথে হাঁটেনি চেলসি। আর্সেনালের বিপক্ষে বড় ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে রাফায়েল বেনিতেজের দল। স্টামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসি ২-১ গোলে হারিয়ে দেয় আর্সেনালকে।
রবিবারের ম্যাচটি থেকে ইউনাটেডের সামনে বেশ এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। ম্যাচটি জিতলে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ইউনাইটেডের ব্যবধান হতো সাত পয়েন্ট। সেখানে এখন ব্যবধান পাঁচ পয়েন্টের। হোয়াইট হার্ট লেনে তুষার আচ্ছন্ন আবহাওয়ায় ফার্গুসনের আশাভঙ্গ করেন টটেনহ্যামের ক্লিন্ট ডেম্পসে; অতিরিক্ত সময়ে সমতাসূচক গোল করেন তিনি। ম্যানইউ গোলরক্ষক ডেভিড গিয়া দারুণ নৈপুণ্য দেখান দফায় দফায় টটেনহামের আক্রমণ সামাল দিয়ে। যদিও শেষ পর্যন্ত ডেম্পসেকে রুখে দিতে পারেননি।
ম্যাচ শেষে ফার্গুসন চটেছেন সহকারী রেফারি সিমন বেকের ওপর। ৬৩ মিনিটে বদলি খেলোয়াড় ওয়েইন রুনি টটেনহ্যামের ১৮ গজের বক্সের মধ্যে স্টিভেন চালকারের পড়ে যান। কিন্তু রেফারি নির্বিকার ছিলেন।
বেক এর আগেও ফার্গুসনের কোপানলে পড়েছেন। ২০১০ সালের এপ্রিলে ওল্ড ট্রাফোর্ডে চেলসির দিদিয়ার দ্রগবার গোলে জয় পেয়েছিল। সে সময় এই রেফারি ফ্লাগ তোলেননি। ফার্গুসন সে ঘটনা ভুলে যাননি। তিনি বলেন, ‘এটা পরিষ্কার পেনাল্টি পাওয়া উচিত ছিল। লাইন্সম্যানকে এটা দিতেই হতো। আসলে আমাদের সাথে তার (বেকের) রেকর্ড ভাল নয়। চেলসির বিপক্ষে কয়েক বছর আগে সে দিদিয়ের দ্রগবাকে অনসাইড দেখিয়েছিল। কিন্তু সে তিন গজের অফ সাইডে ছিল। আপনারা মনে রেখেছেন নিশ্চয়?’
ম্যাচে রবিন ফন পার্সির ২৫ মিনিটে হেড থেকে গোলে এগিয়ে গিয়েছিল ম্যানইউ। লিগে পার্সির এটি ১৮তম গোল। এখনও লিগে সর্বাধিক গোলদাতা তিনি। ডেম্পসে নাটকীয়ভাবে ৯৩ মিনিটে সমতাসূচক গোল করেন।
ম্যানইউর পরবর্তী ম্যাচ এফএ কাপে। আর প্রিমিয়ার লিগ ম্যাচ রয়েছে ৩০ জানুয়ারি সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের মাঠে।
প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানইউ। ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। চেলসি ৪৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আন্দ্রে ভিলাস বোয়াসের টটেনহ্যাম ৪১ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে। ২২ ম্যাচে আর্সেনাল ৩৪ পয়েন্ট অর্জন করতে পেরেছে। দিনের অন্য ম্যাচে জুয়ান মাতার গোলে ছয় মিনিটে আর্সেনালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে যায় চেলসি। ১৬ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পেনাল্টি থেকে গোল করেন। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন থিও ওয়ালকট ম্যাচের ৫৮ মিনিটে। পয়েন্ট টেবিলের ছয়ে আছে গানাররা। আর্সেনালের জন্য শেষ চারে মৌসুম শেষ করাটা কঠিন হয়ে গেল। লিভারপুল ও ওয়েস্টব্রুমউইচ আলবিয়নও সমান ৩৪ পয়েন্ট নিয়ে সাত ও আটে অবস্থান করছে।
রবিবারের ফল
চেলসি ২ আর্সেনাল ১
টটেনহ্যাম ১ ম্যানইউ ১