ধূমপানে কানাডায় মারা যায় বছরে ৩৭ হাজার লোক বাংলাদেশে কত?
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৩৬
বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশ কানাডা। এই দেশটিতে প্রতি বছর ৩৭ হাজার লোকের মৃত্যু হয় ধূমপানজনিত কারণে। এমন একটি উদ্বেগজনক সংবাদ দিয়ে গতকাল সোমবার শুরু হয়েছে কানাডার ন্যাশনাল নন স্মোকিং সপ্তাহ। ধূমপানের সরাসরি ক্ষতি দেখা না গেলেও এর পরোক্ষ ক্ষতি যে কত বেশি তা সহজে অনুমান করা যায় ধূমপানজনিত কারণে কানাডার বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর খবরে। এই যদি হয় কানাডার অবস্থা তাহলে আমাদের মত একটি স্বল্প উন্নত দেশে ধূমপানজনিত মৃত্যু হারের ব্যাপকতা সহজে অনুমান করা যায়। এ বছর কানাডার ধূমপান বিরোধী সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘লিভ, ওয়ার্ক, প্লে -- ইভেন বেটার স্মোক ফ্রি’। অর্থাত্ প্রতিপাদ্য বিষয়টির মূলকথা হচ্ছে ধূমপান বর্জন করুন, দীর্ঘদিন বাঁচুন। তবে আশার কথা কানাডায় ধূমপান বিরোধী প্রচারণা ও স্বাস্থ্য সচেতনতার কারণে ধূমপায়ীর সংখ্যা শতকরা ১৭ ভাগ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞগণ বলছেন, ফুসফুসের ক্যান্সারে আক্রান্তদের শতকরা ৮০ থেকে ৮৫ ভাগ ধূমপায়ী। ধূমপানের ফলে শারীরিক ক্ষমতা হ্রাস, হার্টের রক্তনালী সরু হয়ে হার্ট এ্যাটাকের ঝুঁকি বৃদ্ধিসহ নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। আর আপনি ধূমপান ছেড়ে দিয়ে যেমন সুস্থ থাকতে পারেন তেমনি লাভ করতে পারেন দীর্ঘ জীবন। তাই আজই ধূমপান ছেড়ে দিন, সুস্থ থাকুন। আমরাও কি কানাডার মত একটি ধূমপান বিরোধী সপ্তাহ পালন করতে পারি না যাতে ধূমপায়ীদের নিরুত্সাহিত করা যায়।