কর্মকর্তাদের ডাটাবেজ হালনাগাদ হচ্ছে এপ্রিলে
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
সকল ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের পিডিএস-ডাটাবেজ হালনাগাদ করার কাজ আগামী এপ্রিলের মধ্যে শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংসদ সচিবালয় জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমেটে সকল ক্যাডার এবং নন-ক্যাডার কর্মকর্তাদের পিডিএস-ডাটাবেজ প্রস্তুত করার কাজের সর্বশেষ অবস্থা নিয়ে বৈঠকে কমিটির সদস্যরা আলোচনা করেন। এ সময় বলা হয়, আগামী এপ্রিল মাসের মধ্যে সমুদয় তথ্য হালনাগাদের কাজ সম্পন্ন করতে হবে। এর আগে গত বৈঠকে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো তার বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পদোন্নতি প্রত্যাশী কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য ইতিপূর্বে গঠিত সাব-কমিটির রিপোর্ট গতকালের বৈঠকে উপস্থাপন করা হয়। পরে রিপোর্ট নিয়ে সদস্যরা বিস্তারিতভাবে আলোচনা করেন। কমিটির সদস্য এবিএম গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট সাব-কমিটি গণমুখী প্রশাসন ব্যবস্থা এবং সেবা পরায়ণ প্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে। সে সাথে সাব-কমিটি প্রস্তাবিত ‘সিভিল সার্ভিস এ্যাক্ট’ দ্রুত প্রণয়নের ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার বিষয়ে অভিমত প্রকাশ করেছে।
সাব-কমিটি তাদের রিপোর্টে সিনিয়র সহকারি সচিব থেকে উপ-সচিব ও তার উপরের পদে পদোন্নতির ক্ষেত্রে যাদের প্রয়োজনীয় নম্বর রয়েছে কিন্তু কোনো বিরূপ মন্তব্য বা অন্য কোনো আইনগত বাধা নেই তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনার জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) এর কাছে সুপারিশ করেছে।