একদলীয় নির্বাচনে ফের ক্ষমতায় থাকার ইচ্ছা রুখে দিতে হবে
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
কোন অবস্থাতেই সরকারকে একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেছেন, ঐক্যবদ্ধ তীব্রতর আন্দোলনের মাধ্যমে বর্তমান ব্যর্থ ও অপদার্থ সরকারকে নিজেদের অধীনে নির্বাচন করে আবার ক্ষমতায় থাকার ইচ্ছা রুখে দিতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা সরকারের প্রতি আহ্বান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
সভায় সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, জিয়াউর রহমানের জন্মদিনে এ ব্যর্থ সরকারের হাত থেকে দেশ ও গণতন্ত্র রক্ষার শপথ নিতে হবে।
স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের জেলে নিয়ে একদলীয়ভাবে নির্বাচনের ষড়যন্ত্র করছে।
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাফিজুর রহমান ও ড. মাহবুব উল্যাহ। উপস্থিত ছিলেন সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, আবদুল মান্নান, এডভোকেট আহমদ আজম খান ও বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ।