ছাত্রলীগের তাণ্ডব মেনে নেয়া যায় না

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে ছাত্রলীগ যে তান্ডব চালিয়েছে তা কোন সভ্য সমাজে চলতে পারে না। রবিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পীরসাহেব চরমোনাই বলেন, প্রকাশ্যে ছাত্রলীগের অস্ত্র মহড়া ও সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলায় একজন শিশুর প্রাণহানির ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। পুলিশের সামনে পিস্তল উচিয়ে গুলি করার মত কর্মকাণ্ড সচেতন অভিভাবক মহলকে ভাবিয়ে তুলেছে। বিবৃতিতে তিনি আরও বলেন, যাদের কারণে দেশের শিক্ষাঙ্গনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো সেসব ছাত্র নামের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ছাত্রলীগের তান্ডবে পুরো দেশ আতঙ্কিত হয়ে পড়েছে। এদের লাগামী টেনে ধরে শাস্তির আওতায় আনতে হবে।