এলএলবি ফাইনাল পরীক্ষা ২০১১-এর ফল প্রকাশের আবেদন

আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি ফাইনাল ২০১১-এর পরীক্ষার্থী। ২৩ নভেম্বর ২০১২ থেকে ৪ জানুয়ারি ২০১৩ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমরা বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অ্যাডভোকেটশিপ পরীক্ষা ২০১৩-এ অংশ নিতে চাই। এজন্য এলএলবি পরীক্ষার ফল খুবই প্রয়োজন। অতীত অভিজ্ঞতা হলো, এলএলবি ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে দেরি হয়। যেমন ২০১০ সালের এলএলবি ফাইনাল পরীক্ষার ফল প্রকাশ হয় ২০১২ সালের অক্টোবরে। অথচ ওই পরীক্ষা ২০১১ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু দায়িত্বশীলতার পরিচয় দিলে সীমিত সময়ের মধ্যেই এলএলবি ফাইনাল ২০১১-এর ফল প্রকাশ করতে পারেন। এতে আমরা অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অংশ নিতে পারবো। পরিশেষে এলএলবি ফাইনাল পরীক্ষা ২০১১-এর ফল ২০ ফেব্রুয়ারি ২০১৩-এর মধ্যে প্রকাশের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বর্তমানে এইচএসসি, এসএসসি, জেএসসি, প্রাথমিক শিক্ষা সমাপনীসহ সমমানের পরীক্ষার ফল অতি কম সময়ে প্রকাশিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা যথাসময়ে পরবর্তী শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে—এটিই আমাদের প্রত্যাশা। ফেরদৌসী জাহান শিলু, খিলগাঁও, ঢাকা ১২১৯