আলফাডাঙ্গা উপজেলা
চেয়ারম্যানের অপসারণ
দাবিতে বিক্ষোভ
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২২:০৬
আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন একটি বিদ্যালয়ের নাম পরিবর্তনের অপচেষ্টা করায় সোমবার তার অপসারণ দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। এলাকাবাসী জানায়, ১৯৯৫ সালে উপজেলা সদরের অদূরে হেলেঞ্চাহাটী কঠুরাকান্দী উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সেই থেকে ওই নামে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন ২০১২ সালে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে প্রধান শিক্ষকের যোগসাজশে বিদ্যালয়ের নাম পরিবর্তনের জন্য পাঁয়তারা শুরু করেন। ঘটনার দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যালয়ের নাম পরিবর্তনের এজেন্ডার খবরে এলাকাবাসী সভাপতি ও প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে। এ সময়ে বিদ্যালয়ের পূর্বের নাম বহাল রেখে সভাপতি ও প্রধান শিক্ষকের অসত্ উদ্দেশ্যের প্রতিবাদে তারা বিক্ষোভে ফেটে পড়ে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা যায়, ওই এলাকার এক আমেরিকা প্রবাসী সভাপতি ও প্রধান শিক্ষককে ম্যানেজ করে তার বাবার নামে বিদ্যালয়টির নামকরণ করার পাঁয়তারা করছিলেন।