সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য উত্সব শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উত্সব শুরু হয়েছে। ‘বাংলাদেশের সাংবাদিকতা শিক্ষার ৫০ বছর’ শীর্ষক বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে সোমবার এ উত্সব শুরু হয়। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানের প্রথম দুইদিন টিএসসি মিলনায়তনে চলচ্চিত্র ও গেমস রুমে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আলোকচিত্র প্রদর্শনীতে বিভাগের সাবেক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা হারুন হাবীব ও আলোচিত্রী আনোয়ার হোসেন এবং বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। গেরিলাসহ ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তৃতীয় দিন বুধবার রয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী, নবীনবরণ ও অগ্রায়ণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী বক্তৃতায় অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমাদের দেশে আলোকচিত্র ও চলচ্চিত্রের যে উন্নয়ন হয়েছে তাতে বিভাগের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের অবদান রয়েছে। এ অবদান সারা জাতি স্মরণ করছে। এই বিভাগ দেশের সাংবাদিকতা শিক্ষার ক্ষেত্রকে প্রসারিত করছে। এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা সব সময় দেশের সাংবাদিকতা ও চলচ্চিত্রসহ বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আখতার সুলতানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ২০১২ সালের ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫০ বছর পূর্তি হয়।