রায়ে আমি সন্তুষ্ট :এরশাদ

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। গতকাল সোমবার তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেছেন, এই রায় জাতির দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল। আমরাও এ বিচার চেয়েছিলাম। এভাবে বিচারের মধ্য দিয়ে জাতি সবচেয়ে বড় কলঙ্ক থেকে মুক্তি পাবে। একাত্তরে যারা আমাদের মা-বোনদের ইজ্জত হরণ করেছে ও গণহত্যা চালিয়েছে তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। আমরা সব সময় এ বিচারের পক্ষে থাকব। এদিকে, গতকাল রাজধানীর কলাবাগানস্থ সুলতানা টাওয়ারে কলাবাগান থানা আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও এরশাদের মুখপাত্র কাজী ফিরোজ রশীদ বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একত্রিত করতে না পারলে জাতিকে কঠিন মাশুল দিতে হবে। একদিকে যুদ্ধাপরাধীদের বিচার, অন্যদিকে বিচার বানচালের ষড়যন্ত্র, একদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের প্রস্তুতি, একদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার, অন্যদিকে ছাত্রলীগের মানুষ মারার ফ্রি লাইসেন্স; সবমিলিয়ে দেশ আজ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। ছাত্রলীগ যেভাবে একের পর এক অভাবনীয় ঘটনা ঘটাচ্ছে তাতে মনে হচ্ছে তারা যেন মানুষ হত্যার ফ্রি লাইসেন্স পেয়েছে। তিনি আরও বলেন, দেশের সুশীল সমাজ যদি আজ দ্বিধা-বিভক্ত না থাকতো তাহলে নির্বাচনের বিষয়ে একটি সুষ্ঠু সমাধান হয়তো বের করা যেত। ইসহাক ভুঁইয়ার সভাপতিত্বে কর্মী সভায় আরও বক্তব্য রাখেন মহানগর জাপা নেতা এম.এ সাঈদ, জাহিদ হোসেন বিপ্লব, অপু সিকদার, জাকির মল্লিক, নাজিম আহমেদ চিশতি প্রমুখ।