পিপার স্প্রে’র ব্যবহার
কেন অবৈধ নয়
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৫
পুলিশের ব্যবহার করা মানবদেহের জন্য ক্ষতিকর পিপার স্প্রে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিটের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনুস আলী আকন্দ গত রবিবার হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে পিপার স্প্রে’র প্রয়োগ বন্ধ রাখতে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেনি। আদালতে আবেদনের পক্ষে আবেদনকারী নিজে এবং সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোখলেছুর রহমান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট পিপার স্প্রে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করে। উল্লেখ্য, পিপার স্প্রে’র ব্যবহার বন্ধে গত ১৭ জানুয়ারি সরকারকে উকিল নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এখলাছ উদ্দিন ভুঁইয়া।