রাজধানীতে সরকারি দলের এমপির
দুই সন্তান অপহরণের চেষ্টা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৩, ২২:২৬
রাজধানীর মোহাম্মদপুরে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহির স্কুলপড়ুয়া দুই সন্তানকে গাড়িসহ অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীদের মারধরে গাড়ি চালক আহত হয়েছেন। তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে মোহাম্মদপুরের ইকবাল রোডে এ ঘটনা ঘটে।
সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি জানান, তার ছেলে জিনান আহমেদ প্রথম শ্রেণীতে এবং মেয়ে জারা আহমেদ নার্সারীতে ইকবাল রোডের সেন্ট প্যাট্রিকস টিউটোরিয়ালে লেখাপড়া করে। জাতীয় সংসদ ভবনের সামনে সংসদ সদস্যের কোয়ার্টারে তিনি থাকেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল ছুটি শেষে তারা তার ফ্ল্যাগ লাগানো গাড়িটিতে ওঠে। গাড়ি চালু করা মুহূর্তে দুইটি মোটর সাইকেলে ৩ যুবক গাড়ি সামনে দাঁড়ায়। গাড়ি থেকে চালক নেমে আসলে যুবকরা তাকে মারধর শুরু করে। পথচারীরা জড়ো হওয়ার পর যুবকরা মোটর সাইকেলে পালিয়ে যায়। ঘটনার পরপর সংসদ সদস্য নিজেই ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে র্যাব ও পুলিশের দুইটি পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
র্যাব-২ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি ফজলুর রহমান বলেন, গাড়ি ছিনতাই চক্রের সদস্যরা গাড়িটি ছিনতাই করার চেষ্টা করেছিলো। কিন্তু স্থানীয় লোকজন ও র্যাব সদস্যরা উপস্থিত হওয়ায় তাদের চেষ্টা ব্যর্থ হয়। তবে এমপি অপহরণের অভিযোগ করেছেন। সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি জানান, রাজনৈতিক কারণেই তার দুই সন্তানকে অপহরণের চেষ্টা করতে পারে। তাছাড়া যুদ্ধাপরাধী বিচার কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহের জন্য ঐ চক্রের কেউ পরিকল্পিতভাবে এ কাজ করতে পারে। মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, বিষয়টির অনুসন্ধান করা হচ্ছে।