ক্যাম্পাসের উত্সব
সাতরঙা সমাপনীতে উচ্ছ্বাস
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ১৮:৪৫
বর্ণীল আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে ‘সাতরঙা সমাপনী’ স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলে অনুষ্ঠিত হলো ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষের ছাত্রীদের সমাপনী অনুষ্ঠান। সম্প্রতি এক সন্ধ্যায় হল মিলনায়তনে উত্সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ‘সাতরঙা সমাপনী’ অনুষ্ঠান।
হলের শিক্ষার্থী সামিয়া শারমীন ও রোকসানা আক্তার-এর উপস্থাপনায় এবং হল প্রাধ্যক্ষ প্রফেসর দিলরুবা আখতার বানুর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর এম আব্দুর রহমান এবং আমন্ত্রিত অতিথি ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে সমাপণী শিক্ষার্থীদেরকে জাতির কর্ণধার উল্লেখ করে বলেন, তোমরা ৫টি বছর ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম এ বিদ্যাপীঠে পড়লেখা করেছ। আমি আশা করবো আগামী দিনে তোমরা এ প্রতিষ্ঠান থেকে যে শিক্ষা অর্জন করেছ সে অনুযায়ী নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গের এ শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মানমর্যাদাকে দেশ-বিদেশে সমুজ্জ্বল রাখার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। পরে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথীদের নিয়ে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট উপহার দেন।
এর আগে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতরঙা সমাপনীর আহবায়ক রুপালী সুলতানা। পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাতরঙা সমাপণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে হলের সকল বিদায়ী ছাত্রীসহ আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত অনুষ্ঠানটি উপভোগ করেন।