সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুপাড়া এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলো চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আয়নাল হকের পুত্র কবিরুল ইসলাম (২৮), একই গ্রামের জালাল উদ্দিনের পুত্র মামুন (১৮), উত্তর উজিপুর গ্রামের ঘোতর আলীর পুত্র আব্দুর রহমান (২২), একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের পুত্র আনোয়ারুল ইসলাম (৪৫) ও পূর্ব শ্যামপুর গ্রামের আইন উদ্দিনের পুত্র তুহিন (৩০)। হাটিকুমরুল হাইওয়ে থানার এস. আই খায়রুজ্জামান জানান, রবিবার রাত আড়াইটার দিকে রাজশাহীগামী লবন বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী ওয়েস্টার্ন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ৫ জন আহত হয়। কাউনিয়ায় আহত-৩ এদিকে কাউনিয়া (রংপুর) সংবাদদাতা জানান, গত সোমবার রাতে কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসইকেল আরোহী আহত হয়েছে। সূত্রে জানাগেছে, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজপাড়া গ্রামের জুয়েল (৩৩), তার দুই বন্ধুকে সাথে নিয়ে মটর সাইকেল যোগে তিস্তা সড়ক সেতু এলাকায় যাবার পথে রাজেন্দ্রবাজার এলাকায় পৌছামাত্র একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুয়েলের ব্যবহহূত মটরসাইকেলটি চুর্ণবিচুর্ণ হয় এবং তারা ছিটকে পড়ে আহত হন।