নাসিরের রংপুরের প্রথম জয়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল খেলার লক্ষ্য চিটাগাং কিংসের। কিন্তু মাঠের লড়াইয়ে এখনও পর্যন্ত সেই লক্ষণ দেখা যাচ্ছে না তাদের। প্রথম ম্যাচে দুরন্ত রাজশাহীর কাছে হারার পর কাল তারা হেরেছে এবারের বিপিএলের নতুন দল রংপুর রাইডার্সের কাছে। টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় চিটাগাং কিংস পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান করছে। অন্যদিকে বিপিএলের প্রথম জয় পেয়েছে রংপুর। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে হারার পর গতকাল মঙ্গলবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তারা জয় পেয়েছে ৬ উইকেটে। রংপুরকে জয় পাইয়ে দিয়েছেন নাসির হোসেন। প্রথম ম্যাচেও দলকে দারুণ স্বপ্ন দেখিয়েছিলেন তিনি কিন্তু ঢাকার দুশো ছাড়ানো ইনিংসের কারণে তার ৮০ রানের ইনিংসটি বিফলে যায়। কাল অবশ্য তার ৩৩ বলে ৪৫ রানের ইনিংসটি বিফলে যায়নি। শামছুর রহমান শুভর ৪৫ বলে ৫২ রান করলেও নাসিরের ঝড়ো ৪৫ রানই দলকে জয় পেতে সহায়তা করেছে। এই অবদানের কারণে ম্যাচ সেরার পুরস্কারও তার। চিটাগাং কিংসের ১৩২ রানের মামুলি সংগ্রহও রংপুরের কাছে কঠিন হয়ে পড়ে যখন ৫৫ রানে পড়ে যায় তিন উইকেট। কঠিন হওয়া ম্যাচটি তিন বল বাকি থাকতে রংপুর জয় পেয়েছে নাসির ও নেইল ও ব্রেইনের চতুর্থ উইকেট জুটিতে ৬৮ রান যোগ হওয়ায়। চিটাগাং কিংসের দুর্ভাগ্য এখনো পিছু ছাড়ছে না। দুরন্ত রাজশাহীর ৯৯ রানও টপকে জয় না পাওয়ার হতাশা কাটেনি তাদের। কাল তাদের ম্যাচে সেই হতাশ করা ব্যাটিং বারবার মনে করিয়ে দিচ্ছিল পুরানো ম্যাচের কথা। জেসন রং, নাঈম ইসলাম ও মেহরাব হোসেন- টপ অর্ডার এই তিন ব্যাটসম্যান ২১ রানের মধ্যে বিদায় নিলে শুরু থেকে চাপে পড়ে চিটাগাং। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ব্রেন্ডন টেইলরের চতুর্থ উইকেটে ৭৩ রান যোগ করলে দল সম্মানজনক স্কোর ছুঁতে পারে। আব্দুর রাজ্জাকের বলে রিয়াদ ৩৪ রানে বোল্ড না হলে দলের স্কোর আরেকটু বড় হতে পারতো। টেইলর ৫১ বলে ৬৫ রান করে একাই লড়ে গেছেন। সংক্ষিপ্ত স্কোর: চিটাগাং কিংস- ২০ ওভারে ১৩২/৫ (টেইলর ৬৫, রিয়াদ ৩৪, ওরাম ১২, ব্রেইন ১/১৮)। রংপুর রাইডার্স- ১৯.৩ ওভারে ১৩৫/৪ (শামছুর ৫২, নাসির অপ: ৪৫, নেইল ও ব্রেইন ২১, ওরাম ২/২১)। ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন। ফল: রংপুর রাইডার্স জয়ী ৬ উইকেটে।