টু কি টা কি

লারার জন্য অপেক্ষা বিপিএল উপলক্ষে বিশ্বসেরা তারকারা তেমন কেউ না এলেও খুলনায় আছেন এখন সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন ব্রায়ান চার্লস লারা। চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আসা লারাকে দেখতে বেশ উত্সাহ ছিল অনুশীলনে। সোমবারই প্রথমবারের মতো খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেটারদের সাথে সময় কাটান তিনি। এ সময় কর্মকর্তাদের মধ্যেও তার সঙ্গে ছবি তোলার দারুণ আগ্রহ ছিল। ফাঁকা গ্যালারি বিপিএল এখনও পর্যন্ত খুলনায় দর্শক টানতে পারেনি। গতকাল মঙ্গলবার শেখ আবু নাসের স্টেডিয়ামে চিটাগাং কিংস ও রংপুর রাইডার্স এবং ঢাকা গ্লাডিয়েটর্স ও দুরন্ত রাজশাহীর মধ্যে খেলা হলেও স্টেডিয়ামের গ্যালারী ছিল প্রায় ফাঁকা। দশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে গতকাল দু’টি ম্যাচে সর্বসাকুল্যে দর্শক ছিল হাজারখানেক। এ জন্য খুলনার দর্শকরা প্রচার-প্রচারণার অভাব, রয়েল বেঙ্গলস এর দুই দুইটি হার, নামী-দামী খেলোয়াড় না থাকা এবং বিপিএল কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। পুলিশের বাড়াবাড়ি বিপিএলকে কেন্দ্র করে খুলনায় তেমন উন্মাদনা না থাকলেও স্টেডিয়ামে আসার পথে পুলিশের বাড়াবাড়ির কমতি ছিল না। স্টেডিয়ামের গেটে দর্শকদের ভিড় না থাকলেও এক কিলোমিটার আগে দক্ষিণে বয়রাস্থ সরকারি মহিলা কলেজের মোড় ও উত্তরে নেছারিয়া মাদরাসার মোড় পর্যন্ত খান এ সবুর রোডে পুলিশ চেকপোস্ট বসিয়ে পথচারীদের গাড়ি থেকে নামিয়ে দেয়। এছাড়া স্টেডিয়ামমুখী দর্শকদেরও দফায় দফায় হয়রানি করা হয়েছে।