আত্মবিশ্বাসী সিলেটের সামনে আজ খুলনা
দিনের প্রথম ম্যাচ বরিশাল-রংপুর
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৬
টানা দুই জয়ের পর অনেক আত্মবিশ্বাসী সিলেট রয়েলস। অন্তত দলের অভিজ্ঞ স্পিনার সোহরাওয়ার্দী শুভ তাই মনে করছেন। শুভ অবশ্য ভুল বলেননি, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই ম্যাচ জিতে দলটির আত্মবিশ্বাসের পারদটা অন্যদের চাইতে অনেক বেশি। তবে আজ বুধবার তাদের লড়াইটা হবে স্বাগতিক খুলনা রয়েল বেঙ্গলসের বিরুদ্ধে। টানা দুই ম্যাচ হেরে খুলনা এমনিতে ব্যাকফুটে রয়েছে। তাদের জন্য প্রতিপক্ষ হিসেবে সিলেট চ্যালেঞ্জিং হবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় এই দুই দল মুখোমুখি হবে। তবে তার আগে দুপুর দুইটায় খেলবে দুই জায়ান্ট বরিশাল বার্নার্স ও রংপুর রাইডার্স।
বিপিএলের প্রথম আসরে অষ্টম ম্যাচে নিজেদের প্রথম জয় পেয়েছিল সিলেট। ব্যতিক্রম এবার, টানা দুই ম্যাচ জেতায় ঢাকার পরেই তারা অবস্থান করছে। এই কারণে দলও আত্মবিশ্বাসী, শুভ কাল সেই আত্মবিশ্বাসের কথাই বললেন, ‘আমাদের দলে অনেক বেশি কম্বিনেশন রয়েছে সেটা গত ম্যাচে প্রমাণ হয়েছে। দলের সবার ভিতরেও রয়েছে প্রচুর আত্মবিশ্বাস’।
কাগজে-কলমে প্রতিপক্ষ হিসেবে খুলনা দুর্বল ভাবা হলেও সিলেট কোনভাবেই ম্যাচটি হাল্কাভাবে নিচ্ছে না। শুভ বলেন, ‘আমরা খুলনাকে খাটো করে দেখছি না। তবে আমরাও চেষ্টা করবো আজ নিজেদের সেরা পারফর্মেন্স করতে’।