‘চাকরি জাতীয়করণ ছাড়া শিক্ষকদের আন্দোলন থামানো যাবে না’
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২১:১৭
শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেছেন, চাকরি জাতীয়করণ ছাড়া শিক্ষক-কর্মচারীদের আন্দোলন থামানো যাবে না।
শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিত্সাভাতা বৃদ্ধি সংক্রান্ত শিক্ষামন্ত্রীর ঘোষণার পর গতকাল এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রীর ঘোষণাকে প্রত্যাখান করে গতকাল শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দ জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সেলিম ভুঁইয়া বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবারের অবস্থান কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষক-কর্মচারীরা ঢাকায় আসার পথে। তাদের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যেই শিক্ষামন্ত্রী চারশ’ টাকা বাড়িভাড়া ও দেড়শ’ টাকা চিকিত্সা ভাতার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে গতকাল অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে জোটের এক জরুরি সভায় যে কোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা মো. দেলোয়ার হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব মো. জাকির হোসেন, জোটনেতা অধ্যাপক মো. আলমগীর হোসেন, আব্দুল গণি, অধ্যাপক আবু সাঈদ, অধ্যাপক আবদুল মফিজ, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক রকিবউদ্দিন, অধ্যাপক শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মো. কামরুজ্জামান, নাজির আহমাদ, অধ্যাপক আব্দুল আলীম, সামছুল হক ফারুক, গোলাম হোসেন সোহেল প্রমুখ।
সভায় আজ সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দলমত নির্বিশেষে শিক্ষক-কর্মচারীদের প্রতি আহবান জানানো হয়।