আমাদের পাড়াটা কি আসলেই পাড়া?
নেই মোটে কোনোখানে একটুও সাড়া!
পাশাপাশি থাকি তবু কারো সাথে কারো—
মনখুলে কথা নেই, ভাবতে কি পারো?
সবাই সবার জাঁক নিয়ে শুধু আছে,
সুখে-দুখে কেউ কারো যায় না তো কাছে।
ফাঁকেতাকে দেখা হলে হাই-হ্যালো হয়,
প্রাণখুলে কথা বলা কক্ষনো নয়।
এমন পাড়াকে কেউ বলবে কি পাড়া?
সবাই নিজেকে নিয়ে ঘোর মাতোয়ারা।
সকলেই সকলের পরিচিত হোক,
ভাগাভাগি করে নিই আনন্দ, শোক।
পাড়া হোক হাসিময়, পাড়া হোক গান,
পাড়া হোক উচ্ছল প্রাণে প্রাণে প্রাণ।