ভোমরা স্থলবন্দর বন্ধ পাঁচদিন

ভারতের ঘোজাডাঙ্গা জিরো পয়েন্টের একটি সেতু দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল করতে না দেয়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম গতকাল মঙ্গলবার পর্যন্ত চতুর্থ দিনের মত বন্ধ ছিল। ধর্মঘট অব্যাহত থাকায় বেকার হয়ে পড়েছে ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট প্রায় ৪ হাজার শ্রমিক ও অসংখ্য দিনমজুর। একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে প্রতিদিন দেড় কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ নেছার উদ্দিন ভোমরা স্থল বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের স্বার্থে তারা ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের দাবির সাথে একাত্মতা ঘোষণা করছেন উল্লেখ করে বলেন, পণ্যবাহী ভারতীয় ১০ চাকার ট্রাক সরাসরি ভোমরা বন্দরে প্রবেশ করতে না পারায় আমাদের দেশের আমদানিকারকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাস্টমস সুপার মঞ্জুরুল হক ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের দেয়া বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেন, ঘোজাডাঙ্গা এলাকার ব্রিজটি সংস্কার করার পরও সেটি ব্যবহার করতে না দেয়ায় ব্যবসায়ীরা এই ধর্মঘটের ডাক দিয়েছে। টানা ধর্মঘটে ভোমরায় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রতিদিন সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম জানান, বন্দরে চারটি শ্রমিক সংগঠন, ট্রান্সপোর্ট এজেন্সিসহ বন্দরের উপর নির্ভরশীল বিভিন্ন সংগঠনের প্রায় ৪ হাজার শ্রমিক গত চার দিন ধরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে। তিনি দ্রুত এই সমস্যার সমাধান করে বন্দর চালু করার জোর দাবী জানান। সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় ঢোকার পথে ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় সেটি দিয়ে পণ্যবাহী ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ করে দেয় সে দেশের প্রশাসন। সম্প্রতি ব্রিজটি মেরামত হওয়ার পরে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এসোসিয়শনের পক্ষ থেকে সে দেশের প্রশাসনের কাছে ব্রিজটি ব্যবহারের জন্য বার বার আবেদন জানানোর পরেও সে দেশের প্রশাসন কোন কর্ণপাত না করায় ব্রিজটি খুলে দিতে তারা ১৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে একটি আলটিমেটাম দেয়। ১৯ জানুয়ারি বন্দরে সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।