সীমান্তে উত্তেজনা বাড়াবে না পাকিস্তান :হীনা

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বলেছেন, সীমান্তে উত্তেজনা না বাড়ানোর নীতি গ্রহণ করেছে পাকিস্তান। এই নীতি ভারতকে প্রভাবিত করতে সহায়ক হবে। সোমবার দেশটির জাতীয় পরিষদের অধিবেশনে তিনি এ কথা বলেন। খবর ডন-এর। বিরোধী দলের নেতা চৌধুরী নিসার আলী খান অভিযোগ করেন, সীমান্তের ঘটনায় ভারতের সরকার এবং বিরোধীরা উত্তেজনাকর বক্তব্য দিলেও পাকিস্তান সরকার দেশের স্বার্থ দেখছে না। পররাষ্ট্রমন্ত্রী এই অভিযোগের জবাবে বলেন, আমরা সীমান্তে উত্তেজনা বাড়াতে চাই না। অপর পক্ষের উস্কানিমূলক বক্তব্যের শিকার হতে চাই না উল্লেখ করে হিনা রাব্বানি বলেন, সমস্যা সমাধানে দুই দেশের সীমান্ত বাহিনীর সামরিক অফিসারদের মধ্যে বৈঠক হয়েছে। এরপর নিসার আলী বলেন, তিনি কিংবা তার দল পাকিস্তান মুসলিম লীগ (এন)ও যুদ্ধ চায় না। তবে ভারতের আক্রমণাত্মক মন্তব্যকে দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। তিনি সরকারকে ‘অসংবেদী এবং ঘুমন্ত’ উল্লেখ করে বলেন, আপনারা দেশের সম্মান বিক্রি করবেন না। বিরোধপূর্ণ কাশ্মীর সীমান্তে গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া দুই দেশের সীমান্ত বাহিনীর গুলি বিনিময়ে উভয় দেশের ৫ জন সৈন্য নিহত হয়। ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এদিকে জম্মু ও কাশ্মীর সীমান্তে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দলের অবস্থান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।