বাংলাদেশে শিশুদের শিক্ষা এগিয়ে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৩, ২২:২৮
মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র অংশীদারিত্বের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষা-দীক্ষায় শিশুদের এগিয়ে নিতে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষাক্ষেত্রের উন্নয়নে আমেরিকার ভূমিকায় আমি গর্ববোধ করি। অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ এই কাজ আগামী প্রজন্মকে শিক্ষিত করতে সহযোগিতা করবে। একটি শিশু থেকে আরেকটি শিশুকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যাব। গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের ছাতকে খারাই রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউএসআইডির অর্থায়নে পরিচালিত ‘প্রতিভা প্রকল্প’ পরিদর্শনকালে তিনি একথা বলেন। পরে তিনি প্রকল্পে অংশগ্রহণকারী শিশুদের মায়েদের সাথে মতবিনিময় ও চিত্রাংকন প্রতিযোগিতা ঘুরে দেখেন।
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, ২০১১ সাল থেকে এ প্রোগ্রামের অধীনে ছাতকে ১৯টি ফ্রি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। সুবিধাবঞ্চিত স্থানীয় শিশুরা এর সুফল ভোগ করতে শুরু করেছে। ভবিষ্যতে আরো ফ্রি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা করা হচ্ছে। গতকাল সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল খারাই গ্রামে প্রতিষ্ঠিত খারাই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে রাষ্ট্রদূত একথা বলেন। তিনি বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময়, খারাই গ্রামবাসীর সাথে পরিচয় ও গ্রাম পরিদর্শন করেন। তার সহধর্মিণী গ্রেস মজীনা, মিশন ডিরেক্টর রিচার্স গ্রেনি, ইউএসএআইডি’র স্বাস্থ্য কর্মকর্তা এলিসন বার, ইউএসই’র রাজনৈতিক কর্মকর্তা ফিরোজ আহমদ, ইউএসএআইডি ঢাকার পাবলিক রিলেশন অফিসার ওয়াসিফ হাসান, জেসন উইলিয়াম, মুহাম্মদ বখতিয়ার, দিদারুল আনাম প্রমুখ তার সাথে ছিলেন।