বরিশাল মেডিক্যালে ছাত্রলীগের সশস্ত্র মহড়া, অধ্যক্ষ অবরুদ্ধ

ছাত্রী হোস্টেলের আসন বরাদ্দ নিয়ে বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) ক্যাম্পাসে আবাসিক ছাত্রী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জের ধরে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দেয় ছাত্রলীগ ক্যাডাররা। এক পর্যায়ে অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। এর আগে গত রবিবার নিরাপত্তাসহ ১০ দফা দাবিতে ছাত্রীরা হোস্টেলে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রী হোস্টেলের সুপার ডা. এস এম সরোয়ার ইত্তেফাককে জানান, মেডিক্যাল কলেজে নতুন ভর্তি হওয়া প্রায় দেড়শ ছাত্রীর আবাসন সমস্যা রয়েছে। বিষয়টির সুরাহা করতে রবিবার রাতে দুই ছাত্রলীগ নেতা কলেজ ছাত্র সংসদের ভিপি আব্দুল্লাহ মারুফ ও প্রো-ভিপি আব্দুল বাকী হোস্টেলে গেলে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে গত সোমবার রাতে কলেজ অধ্যক্ষ, কোতয়ালী মডেল থানার ওসি, ভিপি ও ছাত্রীদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে গতকাল সকাল থেকে ভিপির নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা মেডিক্যাল কলেজে সাংবাদিক সম্মেলন ও সশস্ত্র শো-ডাউন করে। তারা হোস্টেলে অবস্থানরত ছাত্রীদের ভয়ভীতিও দেখায় বলে ছাত্রীরা অভিযোগ করেন। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ অধ্যক্ষ মো. শহিদুল ইসলামের পদত্যাগের দাবি তুলে তার কক্ষে তালা ঝুলিয়ে দেন। দুপুর ১টায় পুলিশ গিয়ে অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে। বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। ভিপি আব্দুল্লাহ মারুফ জানান, নতুন করে ভর্তি হওয়া ছাত্রীদের আসন বণ্টন নিয়ে কথা বলতে গেলে ১০/১৫ জন আবাসিক ছাত্রী প্রত্যেকে পৃথক কক্ষে থাকার দাবি জানান। অধ্যক্ষের মেয়ে নাবিলা হকের নেতৃত্বে ছাত্রীরা এই অযৌক্তিক দাবি তুলে নতুন ছাত্রীদের হলে উঠতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।