কবি ও পদাবলীর আসর অনুষ্ঠিত
গৌরাঙ্গ লাল দাস, কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৪৮
গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রাম বাংলার ঐতিহ্য কবি ও পদাবলীর আসর ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে। গত ৬ জানুয়ারি উপজেলার পাড়কোণা বটতলায় কেন্দ্রীয় গণেশ পাগল সেবাশ্রমের বার্ষিক মহোত্সব উপলক্ষে চার দিনব্যাপী কবি ও পদাবলী কীর্তনের এই আসরের আয়োজন করা হয়। এ আসরে উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ মাদারীপুর, আগৈলঝাড়া, উজিরপুর, রাজৈর, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর থেকে হাজার হাজার ভক্তরা মিলিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রায় ডজনখানেক চারণ কবি কবিগান পরিবেশন করে ভক্তদের প্রাণে স্থান করে নিয়েছেন। পরবর্তীতে শেফালী সরকার ও পরিমল বৈদ্য দু’দিনব্যাপী পদাবলী কীর্তনের মধ্য দিয়ে ভক্তদের ভাবের সাগরে ভাসিয়ে গেছেন। আশ্রম কমিটির সভাপতি মাইকেল হিরোহিত বিশ্বাস বলেন, ‘আমাদের এই কবিগানের জন্য কোনো কবিকে বায়না করে আনতে হয় না। নিজেরাই এসে এই মিলন মেলায় অংশগ্রহণ করেন।’ এ অনুষ্ঠানটি জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেনুকা বিশ্বাস পরিদর্শন করেন।