সাপাহারে দেয়াল
ধসে দুই শ্রমিক
নিহত
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১২
জেলার সাপাহার উপজেলার পাহাড়িপুকুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় নির্মাণাধীন একটি দোতলা মাটির ঘর ধসে দেয়াল চাপা পড়ে ইলিয়াস আলী (৪৫) ও নুরুজ্জামান (৪০) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় দেয়াল চাপা পড়ে ঐ বাড়ির মালিক এরফান আলী ও মঞ্জুর আহমেদ নামের এক নির্মাণ শ্রমিক মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা যায়, এরফান আলী এদিন বিকালে নির্মাণ শ্রমিক ইলিয়াস আলী, নুরুজ্জামান ও মঞ্জুর আহমেদকে সঙ্গে নিয়ে দোতলা ঐ মাটির ঘরের উপরের তলায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে নির্মাণাধীন ঐ দোতলা ঘরের ছাদসহ দেয়াল ধসে বাড়ির মালিক এরফান আলীসহ তিনজন নির্মাণ শ্রমিক মটির নীচে চাপা পড়েন। স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা করে মাটিচাপা পড়া লোকজনকে উদ্ধার করে।