স্থগিত বৈশাখ পাখা মেলে
চিরদুপুরের শ্বেতাভ হাঁসের দলে।
ফেরারি যুবকেরা বিস্মরণ-বাসে
হঠাত্ই ব্রেক কষে দাঁড়ায় ভীষণ করে
স্মরণের মঠ-১৩৪৬ থেকে
সত্তার মাঠ-১৪২৬-এ।
তুমি-আমি পাই না আমাদের
যদিও সাঁকো একটা ঠিক থাকে
এপারে-ওপারে!
আমার পিছে পিছে
এইসব পল্লীফুলের পটভূমি
যখন আরবান পুষ্পে ছেয়ে আছে
এই মেট্রোপলিটন মন।
রোদের সাঁতারে, ছায়ার পাহাড়ে
একদিন বুঝে আসি
বাকিটা বছরব্যাপী
কতটা আমার আমি
আর কত মুখোশের মঞ্জরি।
জটিল যুবকেরা সরল বালক হলে
পৃথিবীর প্রতিটি বৈশাখে
এই কবিতার জন্ম হয়
রিপনের সৈয়দপুর গ্রামে,
তার দিঘল-কোমল কোলে।