রংপুরে উদ্ধার হওয়া লাশের দাফন হলো অজ্ঞাত হিসেবে
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৩
রংপুরে লাশ উদ্ধারের এক সপ্তাহ পেরিয়ে গেলেও তার পরিচয় এখনও মেলেনি। হতভাগ্য এই লাশের শেষ আশ্রয় ঘটেছে নুরপুর কবরস্থানে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি নগরীর রাধাবল্লভ চিকলি বিলের পাশের একটি ডোবায় এলাকাবাসী একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশটির আনুমানিক উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পরণে ছিল সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি। মুখে পাকা দাঁড়ি ও গোফ ছিল। বয়স আনুমানিক ৬৫ বছর। লাশের বাম পায়ে বৃদ্ধাঙ্গুল আগে থেকেই ছিল না। কোতয়ালী থানার এসআই সেলিম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে লাশের কোন দাবিদার না থাকায় আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে নুরপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।