চাঁদের উঠান, আল্পনা আঁকা
নেমন্তন্নে আমরা ছিলাম গতজন্মে—
বিন্নি ধানের খইয়ের মতন
ফুল ফুটেছিল সাদা ধবধবা।
বছর ক্ষয়ে যায় বার্ষিক গতিতে
সময়ের বারো হাত দৈর্ঘ্য ক্রমশ
ক্ষয়ে ভ্যাপসা গন্ধে ডুব দেয়—
রং ছোপছোপ
বুড়োটে সময়ের ভারে
অচল পাখিদের ডানা।
চাঁদের বাড়ির নেমন্তন্নে
আর যাওয়া হয় না।
শিউলির শরত্ সকালে
নক্ষত্রফুল ফুটেছিল—
গতজন্মে আমাদের
শিশিরের জলে স্নানের নেমন্তন্ন ছিল।
সময় কেটে মধ্যদুপুর,
পোড়া প্রহরের বুকে
পড়ে আছে ঘাসের কঙ্কাল।
ঘাসের নরম নেমন্তন্নে আর
যাওয়া হয় না আমাদের।
দুধজ্যোত্স্নার চাঁদনিরাতে
রুপালি নেমন্তন্ন ছিল আমাদের—
জন্ম বিগত হয়
অমাবস্যা দীর্ঘতর হয়
ল্যাম্পপোস্টের আলোয়
জ্যোত্স্না লুকায়
পথ ভুলে আর যাওয়া হয় না
গতজন্মের নেমন্তন্নে।