রাণীশংকৈল আওয়ামী লীগের আজ সম্মেলন

রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। সম্মেলনকে ঘিরে সভাপতি পদে ঘোষিত দু’প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজিরউদ্দিন মাস্টার এবং সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হকের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচণ্ড নির্বাচনী লড়াই। অপরদিকে সাধারণ সম্পাদক পদে সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, উপজেলা মহিলা লীগ সভানেত্রী, মহিলাবিষয়ক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, যুবলীগ সহ-সভাপতি মামুনুর রশিদ এলবার্ট ও যুবলীগ সম্পাদক আলমগীর সরকার প্রার্থী হয়েছেন। এদের মধ্যে সেলিনা জাহান লিটা তার চাচাত বড় ভাই হাজিরউদ্দিন মাস্টার সভাপতি প্রার্থী হওয়ায় নির্বাচনী মাঠ থেকে আপাতত সরে এলেও বাকি ৩ প্রার্থীর মধ্যে চলছে তুমুল লড়াই। প্রার্থীরা তাদের কর্মী-সমর্থক নিয়ে পৌর শহরসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের ভোট সংগ্রহে মাঠ চষে বেড়াচ্ছেন।