নাগেশ্বরী থেকে দু’ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবুরী সীমান্তে খলিল (২৫) নামে এক বাংলাদেশি কৃষককে নিজস্ব জমিতে কাজ করার সময় ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। বুধবার সকাল সাড়ে ১০ টায় খলিল বাংলাদেশের অভ্যন্তরে নিজ জমিতে কাজ করার সময় বাংলাদেশের ডাবুরী সীমান্তের ৩৬৭/২ এস পিলারের ১৫০ গজ ভিতর থেকে ভারতীয় ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা ধরে নিয়ে যায়। আটককৃত খলিল হরিপুর উপজেলার মানিকখারী গ্রামের সাইফুল্লাহ’র ছেলে । ৩০ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠিয়েছেন। নাগেশ্বরী সংবাদদাতা জানান, নাগেশ্বরী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। সে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পাঁচগাছি গ্রামের কাশেম আলীর পুত্র আলতাফ হোসেন। কুড়িগ্রাম সদর মাদারগঞ্জ বিজিবি ফাঁড়ি জানায়, মঙ্গলবার দুপুরে আলতাফ হোসেন উপজেলার কচাকাটা থানার খলিলের চর পূর্ব-দক্ষিণ সীমানা পিলার ১০৩৩ এর কাছাকাছি গেলে ভারতের আসাম রাজ্যের শিয়ালদহ সস্তার ঘাট ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। কুড়িগ্রাম সদর মাদারগঞ্জ বিজিবি ফাঁড়ি কমান্ডার নায়েক সুবেদার দীনেশ চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করেন।