গণমাধ্যমের বিকাশ অব্যাহত রাখতে দায়িত্বশীলতা আবশ্যক: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণমাধ্যমের বিকাশ অব্যাহত রাখতে দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে। কারণ স্বাধীনতার পাশাপাশি আসে দায়িত্ববোধ।’ 

জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে ৩ মে-বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘গণমাধ্যম চিত্র: পরিপ্রেক্ষিত বাংলাদেশ’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্বের উন্নয়নের জন্যই দায়িত্বশীলতার চর্চা আবশ্যক। ভুঁইফোড় সাংবাদিকদের উদ্ভবও একটি প্রতিবন্ধকতা। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এবং তথ্য মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ গণমাধ্যমের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।’

ডিজিটাল নিরাপত্তা আইনকে সময়ের প্রয়োজন হিসেবে বর্ণনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘কারো বিরুদ্ধে কোনো অসত্য ইন্টারনেট বা ইলেক্ট্রনিক মাধ্যমে প্রচার করলে তার প্রতিকারের জন্যই এই আইন। পৃথিবীর দেশে দেশে সময়ের প্রয়োজনে এ আইন প্রণীত হচ্ছে। তবে এ আইনের অপপ্রয়োগ ও সাংবাদিকদের হয়রানি যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।’

মন্ত্রী এ সময় `রিপোর্টার্স উইদাউট বর্ডার্স' প্রণীত স্বাধীন গণমাধ্যম সূচকে ৩৮ নম্বর ক্রমিকে থাকা যুক্তরাজ্যের উদাহরণ টেনে বলেন, ‘একটি ভুল সংবাদ প্রকাশের কারণে যুক্তরাজ্যের দেড়শ’ বছরেরও পুরোনো পত্রিকা দি নিউজ অভ্ দা ওয়ার্ল্ড এর প্রকাশনা বন্ধ হয়ে গেছে, ভুল তথ্য পরিবেশনের কারণে সেখানে বিবিসি ওয়ার্ল্ড এর একটি পুরো দলকে পদত্যাগ করতে হয়েছে, কিন্তু আমাদের দেশে এমন ঘটনা নেই। সেকারণেই তাদের সূচকে বাংলাদেশের চারধাপ অবনমন ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য।’ 

আরও পড়ুন: ঘূর্ণীঝড় ফণীর কারণে শনিবারের এইচএসসি পরীক্ষা পেছালো

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী, পারভীন  এফ চৌধুরী, ওমর ফারুক চৌধুরী, আব্দুল কাইয়ুম, রিয়াজ উদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ সভায় বক্তব্য রাখেন। 

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।

ইত্তেফাক/কেকে