ইংল্যান্ডের বিপক্ষে স্কোলারির দল ঘোষণা

ব্রাজিল দলে জায়গা পাকাপোক্ত করতে চান রোনালদিনহো

ব্রাজিল দল গোলরক্ষক: দিয়েগো আলভেস (ভ্যালেন্সিয়া/স্পেন), জুলিও সিজার (কিউপিআর/ইংল্যান্ড)। ডিফেন্ডার: ড্যানিয়েল আলভেস, আদ্রিয়ানো (বার্সেলোনা/স্পেন), ফিলিপ লুইস, মিরান্ডা (অ্যাতলেটিকো মাদ্রিদ/স্পেন), দাতে (বায়ার্ন মিউনিখ, জার্মান), ডেভিড লুইজ (চেলসি/ইংল্যান্ড), লিওনার্দো কাস্টান (রোমা/ইটালি)। মিডফিল্ডার: আরুকা (সান্তোস), হারনানেস (ল্যাজিও/ইটালি), পলিনহো (করিন্থিয়ান্স), রামিরেস, অস্কার (চেলসি), রোনালদিনহো (অ্যাতলেটিকো মিনেইরো)। ফরোয়ার্ড: নেইমার (সান্তোস), লুকাস মুরা (প্যারিস সেইন্ট-জার্মেইন/ফ্রান্স), লুইস ফ্যাবিয়ানো (সাও পাওলো), ফ্রেড (ফ্লুমিনেন্স), হাল্ক (জেনিত সেইন্ট পিটার্সবার্গ/রাশিয়া)। দুইবারের বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহো দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ব্রাজিল জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করতে তিনি সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবেন। ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ব্রাজিল কোচ লুই ফিলিপ স্কোলারি যে দল ঘোষণা করেছেন তাতে ডাক পেয়েছেন এই তারকা মিডফিল্ডার। ৬ ফেব্রুয়ারি লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই প্রীতি ম্যাচটি। দ্বিতীয়বারের মত ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবার পর এটাই হলো স্কোলারির ঘোষিত প্রথম দল। রোনালদিনহোর ডাক পাওয়ার কারণ ২০১২ মৌসুমে ঘরোয়া লিগে অ্যাতলেটিকো মিনেইরোর হয়ে নজরকাড়া খেলা। তিনি ৩৩ খেলায় নয় গোল দেয়ার পাশাপাশি ১৪টি গোলের সুযোগ গড়ে দেন। স্কোলারি রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে রোনালদিনহোকে তার মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে শৃংখলা ও কঠোর পরিশ্রম দিয়ে নতুন করে মনোযোগী হতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। চ্যালেঞ্জের জবাবে রোনালদিনহো ক্লাবটির অনুশীলন কেন্দ্রে বলেন, ‘আমি শুধু বলতে পারি যে, ফেলিপাও আমার কাছ থেকে যা চান আমি তা সর্বসাধ্য দেবো। বিশ্বকাপের এত কাছাকাছি সময়ে এসে আবার জাতীয় দলে ফিরে আমি খুবই খুশি। অ্যাতলেটিকো মিনেইরোর সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। কোচিং স্টাফরা থেকে রসুই ঘরে কাজ করাদের পাশাপাশি বিশেষভাবে সমর্থকদের। অথচ গত জুনে ফ্ল্যামেঙ্গো ছাড়ার পর রোনালদিনহোর ক্যারিয়ারই জটিলতার মধ্যে পড়েছিল। কেননা বকেয়া বেতনের জন্য খেলোয়াড়টি ওই ক্লাবটির বিরুদ্ধে মামলা করেছিল। শেষ পর্যন্ত তার জাতীয় দলে ঠাঁই পাওয়ার মানে হলো ২০০২ সালে বিশ্বকাপ জেতা খেলোয়াড়দের মধ্যে তিনিই কেবল এখনো টিকে থাকলেন। স্কোলারিই সেবার বিশ্বকাপটি জিতিয়েছিলেন ব্রাজিলকে। রোনালদিনহো ছাড়াও স্কোলারির পূর্বসূরী মানো মেনেজেসের আমলে বাদ পড়া কুইন্স পার্ক রেঞ্জার্সের গোলরক্ষক জুলিও সিজারও দলে ফিরেছেন। নতুন কোচের পছন্দের তালিকায় চেলসির তিন খেলোয়াড় ডিফেন্ডার ডেভিড লুইজ, মিডফিল্ডার রামিরেস এবং অস্কার উঠে এলেও জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার কাকার। মূলত আগামী বছর নিজেদের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে নতুনভাবে দল সাজাচ্ছেন স্কোলারি। পর্তুগালকে ২০০৪ সালে ইউরোপীয়ান কাপের শিরোপা লড়াইয়ে এবং ২০০৬ সালে জার্মানীতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে যাওয়া এই কোচ বলেন, ‘আমরা ব্রাজিলে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’ উল্লেখ্য, ব্রাজিল এর আগে ১৯৫০ সালে প্রথমবারের মত নিজেদের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে উঠলেও উরুগুয়ের কাছে পরাজিত হয়েছিল। -বাসস/এএফপি