সাগরদাঁড়িতে জমে উঠেছে মধুমেলা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩১
সাগরদাঁড়ির মধুমেলা জমে উঠেছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ১৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের কপোতাক্ষ তীরের সাগরদাঁড়িতে গত সোমবার থেকে সপ্তাহব্যাপী এ মেলা শুরু হয়।
প্রতিদিন সকাল থেকে অধিক রাত পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ-শিশু মেলার মাঠে মধুমঞ্চে মন্ত্রী, এমপি ও বরেণ্য কবি সাহিত্যিকদের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, সার্কাস, যাদু প্রদর্শনী দেখে, শুনে এবং নাগরদোলায় চড়ে সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ মেলায় ঘুরে ঘুরে বিভিন্ন সামগ্রী ক্রয় করছেন। মেলার স্টলগুলোতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। এর মধ্যে সবচে বেশি বেচাকেনা হচ্ছে শিশুদের খেলনা জাতীয় দ্রব্য। রেশমি চুড়িসহ মেয়েদের সাজসজ্জার অন্যান্য জিনিসও বিক্রি হচ্ছে প্রচুর। মেলায় এবার ছোট বড় মিলে আটশ’ স্টল বসেছে। মেলায় মিষ্টির দোকানগুলোতে ভাজা চানাচুর, মোয়া, মুড়িসহ নানা জাতীয় মিষ্টি বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে। মেলায় বসানো হয়েছে কেশবপুর উপজেলা কৃষি দপ্তরের কৃষি প্রদর্শনীর স্টল। এ স্টলে রাখা হয়েছে কৃষকের উত্পাদিত বড় বড় ফল-ফলাদি।
কুষ্টিয়া থেকে আবুল কাশেম স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে এ প্রথম মধুমেলায় এসেছেন। তিনি জানান, মাইকেল মধুসূদন দত্ত বড় কবি । তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলায় এসে আনন্দ পাচ্ছি। কবির জন্মগৃহ, মেলার মাঠ ও নৌকায় করে কপোতাক্ষ নদ ঘুরে দেখেছি। আগামী বছরও তিনি মধুমেলায় আসবেন বলে জানান। ফরিদপুর থেকে রোকেয়া বেগম এসেছেন বাড়ির সবাইকে নিয়ে। উপজেলা নির্বাহী অফিসার কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব আবু সায়েদ মো. মঞ্জুর আলম জানান, মধুমেলায় হাজার হাজার মানুষ আসছেন। সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সচেষ্ট রয়েছেন।