পাথরঘাটায় বিএনপির গণসংযোগে ছাত্রলীগের হামলা, আহত ১

পাথরঘাটায় ছাত্রলীগ ক্যাডারের সশস্ত্র হামলায় বিএনপি’র কেন্দ্র ঘোষিত গণসংযোগ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। ধারালো অস্ত্রের আঘাতে জাতীয়তাবাদী মহিলাদল নেত্রী তাছলিমা আহত হন। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে বরগুনা জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ ফারুকের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচি শুরু হয়। নেতা-কর্মীসহ তিনি ইমান আলী সড়কের কাছে পৌঁছলে ছাত্রলীগ ক্যাডার অলি ধারালো অস্ত্র নিয়ে সালেহ ফারুকের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় বিএনপি মহিলা নেত্রী তাছলিমা নেতাকে রক্ষা করতে এগিয়ে আসলে অলির ধারালো অস্ত্রের আঘাতে তিনি আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অলিকে গ্রেফতার না করে তার হাতে থাকা অস্ত্র নিয়ে যায়। ছাত্রলীগের পাথরঘাটা উপজেলা সভাপতি আব্দুর রহমান জুয়েল অলিকে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা বলে দাবি করেছেন। তবে কেএম মাধ্যমিক বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অলি নিজেকে উপজেলা ছাত্রলীগের সদস্য বলেই সাংবাদিকদের কাছে দাবি করেছেন।