আরো ৩৫ জন ‘প্রভাবশালী ব্রিটিশ বাংলাদেশি’

যুক্তরাজ্য প্রবাসী ‘একশ প্রভাবশালী বাংলাদেশির’ দ্বিতীয় তালিকায় উঠে এসেছে নতুন ৩৫ জনের নাম। গত মঙ্গলবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমন্সের কমনওয়েলথ কক্ষে ‘ব্রিটিশ বাংলাদেশি পাওয়ার ১০০’ নামের এ তালিকা প্রকাশ করে ‘বিবিপাওয়ার ১০০’ এর উপদেষ্টা কমিটি। ২০টি ক্ষেত্রে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচে প্রভাবশালীদের এ তালিকায় টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাচিত মেয়র লুত্ফুর রহমান, পার্লামেন্ট মেম্বার রুশনারা আলী ও আইরিন জুবায়দা খানের পাশাপাশি প্রতিশ্রুতিশীল প্রবাসী তরুণরাও রয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ, মেকআপ শিল্পী রুবি মিলি, ব্যারিস্টার আজমালুল হুসেইন কিউসি, জন র্যাডক্লিফ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক টিপু জাহেদ আজিজ, ইউনিভার্সিটি অফ ওয়েস্ট স্কটল্যান্ডের অধ্যাপক অ্যান্ডি মিয়া, দি রয়েল ব্যাংক অব স্কটল্যান্ডের কর্পোরেট ব্যাংকিং বিভাগের ট্রেজারার ড. মুরাদ চৌধুরী, সংবাদ উপস্থাপক নীনা হোসেন, ব্রিটিশ কিক-বক্সিং চ্যাম্পিয়ন রুকসানা বেগম, তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলাম, মানবাধিকার সংস্থা রেস্টলেস বিংসের প্রতিষ্ঠাতা রহিমা বেগম, মোবো বিজয়ী জো রহমান ও লেখক তাহমিমা আনামও রয়েছেন। লন্ডন অলিম্পিক ও প্যারা অলিম্পিকে অবদান রাখা বাংলাদেশিদের নামও রয়েছে এ তালিকায়। এদের মধ্যে কোরিওগ্রাফার ও লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া নৃত্যশিল্পী আকরাম খান, অলিম্পিকের বোর্ড মেম্বর ড. আব্দুল বারী, অলিম্পিকের ৫ পাউন্ডের স্মারক মুদ্রার নকশাকার সাইমন মিয়া, বিড মেম্বার আয়েশা কোরেশি ও কয়েকজন স্বেচ্ছাসেবী রয়েছেন। এছাড়া ডা. আনিসুর রহমান, ডা. তাহসেন চৌ্ধুরী ও রুবাইয়াত্ হক, পুলিশ কর্মকর্তা পিসি সাকিরা সুজিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি মো. নবাব উদ্দীন, জো রহমান ও তরুণ উদ্যোক্তা সাবিরুল ইসলামের মতো নতুন মুখ স্থান পেয়েছে এবারের তালিকায়।