ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকে অপহরণের গুঞ্জন
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৭
ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে অপহরণ করা হয়েছে বলে গুঞ্জন চলছে ক্যাম্পাসে। এতে তার সমর্থক নেতা-কর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাকে উদ্ধারের দাবিতে নেতা-কর্মীরা গতকাল বুধবার কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ এবং জিডি করেছে। সাইফুল ইসলামের পরিবার ও ছাত্রলীগের একাধিক নেতা সূত্রে জানা যায়, মঙ্গলবার কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সাথে দেখা করার জন্য ইবির বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ঢাকা যান। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় নেতা-কর্মীদের সাথে সাংগঠনিক কাজ শেষে রাত সাড়ে ৮টার দিকে ফার্মগেট থেকে লেগুনায় চড়ে কাজীপাড়ায় বন্ধু রানার বাসার উদ্দেশ্যে রওনা দেন। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
সাইফুলের বড় ভাই সাদ আহমেদ জানান, সাইফুল গত মঙ্গলবার ঢাকায় যায়। রাত ১০টা পর্যন্ত তার সাথে আমাদের যোগাযোগ ছিল। কিন্তু এরপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোন সন্ধান মিলছে না।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু বলেন, ছাত্রলীগ নেতা সাইফুল, মিজু, হালিম ও জুয়েল পরস্পর পরস্পরের বন্ধু। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করার জন্যই একসাথে ঢাকা গিয়েছিল। ঢাকার প্রত্যেকটি থানায় জানানো হয়েছে এবং তেজগাঁও থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। সাইফুলের উদ্ধারের দাবিতে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগ গতকাল খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে। দুপুর দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়। উদ্ধারের জন্য আজ বৃহস্পতিবার ১০টা পর্যন্ত সময় বেঁধে দেয়।