ড. ইউনূসই গ্রামীণ ব্যাংককে ধ্বংস করেছেন :অর্থমন্ত্রী
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংককে ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হকের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, আবার তিনিই ব্যাংকটি ধ্বংস করার সব ব্যবস্থা করে গিয়েছেন।
গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংককে সরকার অধিগ্রহণ করেছে বলে প্রচার করছেন ড. ইউনূস। বাস্তবতা হলো নিজের ব্যবসার প্রয়োজনে সরকার নয়, তিনিই এটা দখল করে বসে আছেন। গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ড. ইউনূস মামলা করে সার্চ কমিটির কার্যক্রম আটকে রেখেছেন। তিনি কাউকেই এমডি নিয়োগ দিতে দিবেন না। তিনি নিজের পছন্দেই এমডি নিয়োগ দিবেন।
প্রসঙ্গক্রমে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে গ্রামীণ ব্যংকের ১৩ হাজার কোটি টাকার যে সঞ্চয় রয়েছে, তা এখন গ্রামের মানুষের হাতে নেই, সেটা বিভিন্ন ব্যাংকে রেখে উচ্চহারে সুদ নেয়া হচ্ছে।
অনুষ্ঠান শেষে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেছেন, নিয়ম অনুযায়ী গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা গ্রামীণ ব্যাংকের সদস্যদের পাওয়ার কথা থাকলেও তারা সেটা পায়নি। পুরো টাকাই ‘গ্রামীণ টেলিকম ট্রাস্ট’ নামের একটি প্রতিষ্ঠানে গেছে। গ্রামীণ ব্যাংক এবং এর সহযোগী প্রতিষ্ঠানসমূহের অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিশন এটা তদন্ত করছে বলে তিনি উল্লেখ করেন।
গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, এখানে নির্বাচনের কোন ব্যাপার নেই। নিয়মানুযায়ী এমডি নিয়োগে বোর্ড একটি সিলেকশন কমিটি গঠন করবে এবং সিলেকশন কমিটি যোগ্যতার ভিত্তিতে তিন জনের নাম প্রস্তাব করবে। সেখান থেকে চেয়ারম্যানের সুপারিশে একজনের নাম বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে এবং বাংলাদেশ ব্যাংক সেটা অনুমোদন করলে বোর্ড ওই ব্যক্তিকে এমডি পদে নিয়োগ দেবে। কিন্তু ব্যাংকের পরিচালনা বোর্ডের যে ৯ জন সদস্য রয়েছেন তারা এর পক্ষে নন। তারা সহযোগিতা করছেন না এবং কোনো বিষয়ে একমত হতে দিচ্ছেন না।
মোজাম্মেল হক আরও বলেন, গ্রামীণ ব্যাংক এখন ভালো চলছে এবং আগের চেয়েও বেশি মুনাফা করছে। ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে একটা পদ্ধতির উপর দাঁড় করিয়ে দিয়ে গেছেন। এখন সিস্টেমটাকে ধরে রাখতে পারলেই এটা চলবে।