খালেদা জিয়ার লিভ টু আপিলের শুনানি ৩১ মার্চ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা বাতিলে আবেদন খারিজ সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দায়ের করা লিভ টু আপিলের শুনানি আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল বুধবার এ দিন ধার্য করেন। গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি, অ্যাডভোকেট শাহ মো. মুনীর শরীফ ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী উপস্থিত ছিলেন। ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ রমনা মডেল থানায় এ মামলা করেন। মামলায় খালেদা জিয়া এবং তার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সাতজনকে আসামি করা হয়। ২০০৯ সালের ৫ আগস্ট এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বাতিলে খালেদা জিয়া আবেদন জানালে ২০০৯ সালের ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে। ২০১১ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট মামলা বাতিলের আবেদন খারিজ করে দেয়।